
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পেরাব এলাকায় মো. হারুনুর রশিদ (৮০) নামে এক ব্যক্তির পারিবারিক রাস্তা জোরপূর্বক দখল করার চেষ্টা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নারায়ণগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ করেছেন তিনি।
শনিবার (১৮ মে) উপজেলার জামপুর ইউনিয়নের পেরাব এলাকায় রাস্তা দখল করে ঘর নির্মাণ করলে পুলিশ এসে কাজ বন্ধ করে দেয়।অভিযুক্তরা হলেন- ওমেল ভূঁইয়া (৩৮), পলি বেগম (৪৮), জলি আক্তার (৪৫)বাবুল ভূঁইয়া, রহিজ উদ্দিন।
এ বিষয়ে মো. হারুনুর রশিদ বলেন, দুই শতাংশ জায়গা রেখে আমরা পারিবারিক রাস্তা করেছি। আমার দুই ভাতিজা দেশের বাইরে থাকে। আর আমি থাকি ঢাকায়। এ সুযোগে অপরপক্ষরা জোরপূর্বক আমাদের রাস্তা দখল করে বাড়ি নির্মাণ করছে। এজন্য আমি জেলা আদালতে এ বিষয়ে একটি অভিযোগ করেছি।তিনি আরও বলেন, এ বিষয়ে আমি থানার ওসি, এসিল্যান্ড ও তালতলা পুলিশ ফাঁড়িকে মৌখিকভাবে বলেছি। তারা আমাকে আশ্বস্থ করেছে এ রাস্তা উদ্ধার করে দিবে।
হারুন বলেন, এ বিষয়ে আদালতে অভিযোগ দেওয়ার পর থানা থেকে পুলিশ গেলে তারা পালিয়ে যায়। পুলিশ এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। একদিকে রাস্তা দখল করা হচ্ছে অপরদিকে আমরা পরিবারের সদস্যরা হুমকির মধ্যে আছি। পুলিশের কাছ থেকে আশানুরুপ সহযোগিতা পাওয়া যাচ্ছে না।
অভিযুক্ত পলি বেগম বলেন, হারুন সাহেবরা এলাকার বিচার মানেন না। এ নিয়ে আমাদের এলাকায় কয়েকবার বিচারও বসা হয়েছে। হারুন সাহেব কোনো কিছু হলেই পুলিশ আনেন। এতে আমাদের মান-সম্মান নষ্ট হয়। উনাকে অনেকবার বলা হয়েছে আসেন আমরা একসঙ্গে বসে সমাধান করি। কিন্তু উনি তা না শুনে পুলিশ এনে আমাদের হেনস্থা করেন।তিনি আরও বলেন, এলাকার মেম্বার ও মুরব্বিদের দেখিয়ে আমরা বাড়ি করছি। তাদের জায়গায় আমরা বাড়ি করছি না।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, এ বিষয় আমি শুনেছি। আমি তালতলা পুলিশ ফাাঁড়ির ইনচার্জকে বলেছি সরাসরি গিয়ে আপনি ব্যবস্থা নেন। তবে আমরা তো এ বিষয়ে পুরোপুরি পদক্ষেপ নিতে পারি না। এটি এসিল্যান্ডের বিষয়।