
কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ট্রাকের চাপায় এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন।
রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮ টার দিকে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম মনীষা বেগম (২৫)। তিনি সাতক্ষীরার জেলার আশাশুনি উপজেলার ফটিকখালী গ্রামের রনির স্ত্রী এবং কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকার লিবার্টি নিটওয়্যারের পোশাক কারখানা শ্রমিক ছিলেন মনীষা বেগম।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মনীষা বেগম আজ সকাল আটটার দিকে কর্মস্থলে যাওয়ার সময় রোড ডিভাইডার লাফিয়ে পার হওয়ার সময় টাঙ্গাইলগামী একটি মালবাহী ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে নাওজোর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত মনিষা বেগমের মরদেহ উদ্ধার করে থানাহেফাজতে নেয়। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি পুলিশ আটক করেছে।
নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, কর্মস্থলে যাওয়ার সময় ওই নারী ট্রাকের চাপায় নিহত হয়েছেন। ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।