
ভাঙ্গা প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পূর্ব হাসামদিয়া আন্ডারপাস এলাকায় সোমবার সকালে ঘটে গেল মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তি পূর্ব সদরদী গ্রামের বাসিন্দা আঃ রব বেপারীর ভাতিজা।
জানা যায়, সকালে বাইপাস সড়কে দ্রুতগতির একটি যানবাহনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকার মানুষ ঘটনাস্থলে ভিড় করেন।
স্থানীয়দের অভিযোগ, টোল ফাঁকি দিতে অনেক গাড়ি নিয়মিতভাবে এই বাইপাস সড়ক ব্যবহার করে এবং অধিক গতিতে চলাচল করে। ফলে প্রতিনিয়তই ওই এলাকায় দূর্ঘটনার ঝুঁকি বাড়ছে।
এলাকাবাসীর দাবি, টোল ফাঁকি দিয়ে বাইপাস সড়কে অবাধে যানবাহন চলাচল বন্ধে দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।