
রাজশাহী জেলা প্রতিনিধি :
ভূমি সংক্রান্ত নানা জটিলতা ও অনিয়ম দূর করে জনগণের ভোগান্তি কমাতে উন্নত দেশের আদলে ‘ওয়ান স্টপ সার্ভিস সেন্টার’ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী ও রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু। শুক্রবার দুপুরে রাজশাহী নগরের একটি কমিউনিটি সেন্টারে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।
ভূমিমন্ত্রী বলেন, ভূমি মন্ত্রণালয়ের আধুনিকায়নের মূল লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষকে হয়রানিমুক্ত সেবা প্রদান নিশ্চিত করা। দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিভিন্ন ধাপে ধাপে ঘুরতে গিয়ে মানুষ যে ভোগান্তির শিকার হন, তা নিরসনে সমন্বিত টিমওয়ার্কের মাধ্যমে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। সারা দেশের মানুষকে অপ্রয়োজনীয় জটিলতা থেকে মুক্ত করতে সুপরিকল্পিত উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, প্রস্তাবিত ওয়ান স্টপ সার্ভিস সেন্টার চালু হলে একজন সেবাপ্রার্থীকে একাধিক দপ্তরে ছোটাছুটি করতে হবে না। যার জমি, যার সমস্যা—তিনি সরাসরি কেন্দ্রে এসে অভিযোগ বা আবেদন জানাতে পারবেন এবং সেখান থেকেই প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করা হবে। এতে পাঁচ-ছয়টি ধাপ অতিক্রম করার প্রয়োজন পড়বে না এবং হয়রানির সুযোগও কমে আসবে।
মন্ত্রী বলেন, ভূমি মন্ত্রণালয় বিভিন্ন আইন ও বিধিমালার মাধ্যমে পরিচালিত হয়। সেই আইনের আলোকে নির্দেশনা দেওয়া হচ্ছে। তবে সময়োপযোগী করতে কিছু ক্ষেত্রে সংশোধন প্রয়োজন রয়েছে। প্রয়োজনীয় সংশোধনী প্রস্তাব আকারে জাতীয় সংসদে উপস্থাপন করা হবে বলে জানান তিনি।
রাজশাহীর উন্নয়ন প্রসঙ্গে মিজানুর রহমান মিনু বলেন, সম্মিলিত প্রচেষ্টায় একসময় রাজশাহীকে শান্তির শহর হিসেবে গড়ে তোলা হয়েছিল। ভবিষ্যতেও দল-মত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে নগরের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে। নির্বাচিত প্রতিনিধি হিসেবে তিনি সবার প্রতিনিধিত্ব করেন উল্লেখ করে বলেন, উন্নয়নের ক্ষেত্রে কোনো বিভাজন থাকবে না।
তিনি আরও বলেন, রাজশাহীর মানুষের অন্যতম প্রধান প্রত্যাশা কর্মসংস্থান সৃষ্টি। এ লক্ষ্য সামনে রেখে তথ্যপ্রযুক্তি খাতের সম্প্রসারণ এবং শিল্পায়ন জোরদারে কাজ করা হবে। নতুন বিনিয়োগ আকর্ষণ, দক্ষ জনশক্তি তৈরি এবং স্থানীয় উদ্যোক্তাদের সহায়তায় পরিকল্পনা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
এর আগে সকাল থেকে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু রাজশাহীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাকে অভিনন্দিত করেন।