
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার চারজন আসামিকে গ্রেফতার করেছে। পরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সন্ত্রাসবিরোধী মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে মোঃ সাগর হোসেন (২৪) নামে একজনকে গ্রেফতার করা হয়। তিনি গাজীপুর মহানগরের বাসন থানাধীন পূর্ব চান্দনা এলাকার বাসিন্দা।
এছাড়া ধর্ষণের চেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি মোঃ আকবর আলী (৩৮)কে গ্রেফতার করা হয়েছে। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায়।
অভিযানে সিআর (কোর্ট) পরোয়ানাভুক্ত আসামি মোঃ ইমাম হোসাইন (২৮) এবং জিআর (জেনারেল রেজিস্টার) পরোয়ানাভুক্ত আসামি মোঃ সাগর (৩০)কেও গ্রেফতার করা হয়। তাদের মধ্যে একজন গাজীপুরের বাসন থানার চান্দনা (পালেরপাড়া) এলাকার এবং অন্যজন ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলার বাসিন্দা হলেও বর্তমানে গাজীপুরে অবস্থান করছিলেন।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত সকল আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ