
গাজীপুর প্রতিনিধি:
আজ বিকেল আনুমানিক সাড়ে চারটার দিকে হাতিয়াবো মাঠে একটি খেলাকে কেন্দ্র করে উত্তেজনার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, বাসন থানা-এর সেকেন্ড অফিসার এসআই সজীব খেলা চলাকালীন সময়ে হঠাৎ করেই উপস্থিত লোকজনকে উদ্দেশ করে অশালীন ভাষায় গালাগালি শুরু করেন।
সেখানে উপস্থিত এক সাংবাদিক বিষয়টি লক্ষ্য করে তাকে ভাষা সংযত করার অনুরোধ জানান। এ সময় এসআই সজীব ক্ষুব্ধ হয়ে সাংবাদিকের দিকে তেড়ে যান এবং তার হাতে থাকা মোবাইল ফোন ছুঁড়ে ফেলে দেন বলে অভিযোগ উঠেছে। এতে মোবাইল ফোনটির ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, ঘটনাস্থলে এসআই সজীব সাংবাদিককে অশোভন ও আপত্তিকর ভাষায় গালাগালি করেন। এমনকি ‘থাপ্পড় মেরে দাঁত ফেলে দেবেন’ বলেও হুমকি দেন বলে অভিযোগ রয়েছে। উপস্থিত জনসাধারণের সামনেই তিনি ক্ষমতার দাপট দেখান এবং সাধারণ মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করেন না—এমন অভিযোগও করেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, তার বিরুদ্ধে পূর্ব থেকেও বিভিন্ন অনিয়ম ও অসদাচরণের অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সচেতন মহল নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখার দাবি জানিয়েছে