
গাজীপুর প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গাজীপুরে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। জেলার পাঁচটি সংসদীয় আসনের ৯৩৫টি ভোটকেন্দ্রকে সিসিটিভি নজরদারির আওতায় আনা হয়েছে। পাশাপাশি প্রায় সাড়ে ১৮ হাজার পুলিশ, আনসার, সেনাবাহিনী, বিজিবি ও র্যাব সদস্য নির্বাচনী শৃঙ্খলা রক্ষায় মাঠে দায়িত্ব পালন করছেন।
বুধবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান গাজীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন। তিনি বলেন, ভোটাররা যেন নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে প্রতিটি ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ৯৩৫টি কেন্দ্র সিসিটিভি পর্যবেক্ষণের আওতায় থাকায় যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা দ্রুত শনাক্ত ও প্রতিরোধ করা সম্ভব হবে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কেন্দ্রের ভেতরে ও বাইরে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।
তিনি আরও জানান, নির্বাচনী শৃঙ্খলা রক্ষা এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জেলার বিভিন্ন এলাকায় ৩৮টি মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। প্রতিটি মোবাইল কোর্টে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এসব টিম নিয়মিত টহল, চেকপোস্ট কার্যক্রম ও পরিস্থিতি পর্যবেক্ষণের মাধ্যমে যেকোনো অনিয়ম বা বিশৃঙ্খলার বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেবে।
রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে, গাজীপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে মোট ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলার মোট ভোটার সংখ্যা ২৭ লাখ ৩৮ হাজার ২৪৯ জন। ইতোমধ্যে ব্যালট পেপার ও প্রয়োজনীয় নির্বাচনী সামগ্রী সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে পৌঁছে দেওয়া হয়েছে।
জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রস্তুতিতে ভোটারদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ভোটের দিন যেকোনো পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে এবং নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত এই নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত থাকবে।