
ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনট উপজেলায় শহীদ বেদিতে জুতা পরে ওঠার একটি ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ধুনট উপজেলা শাখা আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, শহীদদের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করা তাদের নৈতিক ও সাংগঠনিক দায়িত্ব। উক্ত ঘটনাটি অনিচ্ছাকৃত ও অনাকাঙ্ক্ষিতভাবে সংঘটিত হয়েছে। এ ঘটনায় কেউ কষ্ট পেয়ে থাকলে সংগঠনের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হচ্ছে।
বিবৃতিতে আরও জানানো হয়, গত ৪ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১টায় বগুড়া-৫ আসন (শেরপুর-ধুনট) নির্বাচনী এলাকার দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণা মিছিল উপলক্ষে ধুনট উপজেলা মহিলা জামায়াত কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমবেত হয়। এ সময় গ্রাম থেকে আগত কিছু বয়স্ক ও অশিক্ষিত নারী সমর্থক অসাবধানতাবশত মিছিল-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশের সময় শহীদ বেদিতে জুতা পরেই উঠে পড়েন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বিষয়টি তাদের অজান্তে ঘটে এবং পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে বিষয়টি অবগত হওয়া যায়। এ ঘটনার জন্য উপজেলা জামায়াত গভীরভাবে দুঃখ প্রকাশ করছে।
উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ভবিষ্যতে সবাই আরও দায়িত্বশীল আচরণ করবে এবং শহীদদের স্মৃতির প্রতি যথাযথ সম্মান প্রদর্শনে সচেতন থাকবে।